টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেছেন, ‘জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। বড় বড় কথা না বলে জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন।শহীদদের আত্মত্যাগের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে আন্তরিক হোন।’
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কের নিচে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মহানগর যুব বিভাগের সেক্রেটারি নেয়ামত উল্লাহ শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং তা বাস্তবায়নের জন্য সবাইকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। তিনি বলেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলে সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই নতুন সংস্কার কমিশন গঠন করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করেছি। আমরা সংঘাত নয়, জাতীয় ঐক্য চাই এবং বর্তমান সরকারকে গঠনমূলক সহযোগিতা করতে চাই।’
এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ.স.ম. ফারুক, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর নজরুল ইসলাম, গাছা থানা জামায়াতের আমীর মোহাম্মদ নিয়াজ উদ্দিন এবং সদর মেট্রো থানা জামায়াতের আমীর ছাদেকুজ্জামান খান।
শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।