নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে রোববার মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় কর্তৃপক্ষ।
এ সময় সাতটি মামলায় মোট চার হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট সকলকে ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।
অভিযান চলাকালে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের এ-গেটের সিঁড়ি থেকে গাঁজাসহ একজন ব্যক্তিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
অভিযানের ফলে এলাকাটি অবৈধ দখলমুক্ত হয় এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়।
এ অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমটিসিএলের নিজস্ব সিকিউরিটি সদস্যগণ সহযোগিতা করেন।