স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করায় ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি ইংলিশ দলের পুরো বিশ্বকাপ অভিযানের প্রশংসা করেন এবং বিশেষভাবে তিন তারকা হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম ও বুকায়ো সাকার অবদানের কথা তুলে ধরেন।
বিশ্বকাপে ১৯৬৬ সালের পর প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। তবে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়।
এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে টমাস টুখেলের দল। ১০ গোলের এই ম্যাচটি ছিল পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের ম্যাচ।
ইনফান্তিনো তার বার্তায় লেখেন, ‘ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন। ৪৮ দলের প্রথম ফিফা বিশ্বকাপে তৃতীয় হওয়া নিঃসন্দেহে বড় অর্জন।
বিশেষ করে নকআউট পর্বে তোমরা যে অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়েছ, তা নিয়ে গর্ব করতে পারো।’
তিনি আরও বলেন, ‘হ্যারি কেইন ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। জুড বেলিংহ্যাম বিশ্বমঞ্চে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছে এবং বুকায়ো সাকা ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছে। উত্তর আমেরিকায় তোমাদের আতিথ্য দিতে পেরে আমরা আনন্দিত। আবার দেখা হবে।’
বিশ্বকাপে ইংল্যান্ডের নকআউট যাত্রায় তারা ডিআর কঙ্গো, মেক্সিকো ও নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। যদিও পুরো টুর্নামেন্টে সবসময় ছন্দে ছিল না দলটি, তবু লড়াকু মানসিকতা ও দৃঢ়তার জোরেই তারা শেষ পর্যন্ত সেরা তিনে জায়গা নিশ্চিত করে।
শিরোপা জিততে না পারায় ইংল্যান্ডের জন্য এই বিশ্বকাপ কিছুটা আক্ষেপের হলেও, ছয় দশকের মধ্যে এটিই তাদের সেরা বিশ্বকাপ সাফল্য।