পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও এলাকার জুলমত আলীর ছেলে জুয়েলের বিরুদ্ধে কিছুদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে। পরে স্থানীয় সালিসের মাধ্যমে ৪০ হাজার টাকার বিনিময়ে বিষয়টির মীমাংসা করা হয়।
তবে অভিযোগ রয়েছে, রোববার দুপুরে ওই ঘটনার জের ধরে জুয়েলকে আবারও ‘চোর’ আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দিনদুপুরে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অভিযোগে যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে।