মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ সফর, ১৪৪৮ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে : টঙ্গী পশ্চিম থানা জামায়াতের মহিলা বিভাগের আলোচনা সভা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ এবং শহীদদের আত্মত্যাগের স্মরণে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার বিকেলে টঙ্গী দারুল ইহসান ট্রাস্টে পশ্চিম থানা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগরী জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য আমেনা বেগম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগরী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মারুফা শহীদ।

প্রধান অতিথির বক্তব্যে আমেনা বেগম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে ধারণ করে দেশকে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দেশ সংস্কারে জুলাই সনদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে নাসরিন জাহান গুলশান, মানবসম্পদ উন্নয়ন বিভাগের সেক্রেটারি নাসরিন তাসনিয়া এবং ডা. মর্জিনা হক মুক্তা শুভেচ্ছা বক্তব্য দেন।

সাংস্কৃতিক পর্বে হামদ, জারি গান, গীতি-আলেখ্য, অভিনয়, স্বরচিত কবিতা, হাদির গান এবং কবি আসাদ বিন হাফিজের ‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’ কবিতার আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। সমাপনীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সকল শিল্পী সমবেত সংগীত পরিবেশন করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।