খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙার যামিনী পাড়া সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর একটি টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চলাকালে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এ সময় ২টি বিদেশী ও ২টি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন জানান অভিযান পরিচালনাকালে বিজিবি’র টহলদল চোরাকারবারীদের অবস্হান বুঝতে পেরে ধাওয়া করে।
পরে ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধারকৃত মালামাল জব্দ করে বিওপি’তে ফেরার পথে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়ার লক্ষ্যে সশস্ত্র চোরাকারবারীরা আকস্মিকভাবে বিজিবি’কে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি টহলদলও পাল্টা গুলিবর্ষণ করে। আনুমানিক ৮-১০ মিনিট থেমে থেমে গুলিবিনিময়ের পর সশস্ত্র চোরাকারবারীরা পালিয়ে যায়।
ঘটনায় উভয় পক্ষের কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অধিনায়ক আরও জানান, ইতোমধ্যেই যামিনীপাড়া ব্যাটালিয়নের ২৩ বিজিবি দ্বায়িত্বপূর্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুটসমূহ সনাক্ত করে বিজিবি কর্তৃক নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।