পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খিলগাঁও এলাকায় ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে জুয়েল (৩৫) নামে এক যুবককে গাছে বেঁধে নির্যাতন ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত জুয়েল ভাড়ায় একটি ইজিবাইক চালাতেন। কিছুদিন আগে তার ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশ অনুষ্ঠিত হয়। ওই সালিশে ৪০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হলেও তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
গত ২৬ জুলাই সকাল প্রায় ১০টার দিকে কয়েকজন ব্যক্তি জুয়েলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, খিলগাঁও এলাকার একটি খালি জমিতে নিয়ে তাকে একটি আকাশমণি গাছের সঙ্গে হাত-পা ও কোমর রশি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর অভিযুক্তরা লাঠি ও গাছের ডাল দিয়ে তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত চাঁন মিয়া ওরফে রিংকু ধারালো অস্ত্র দিয়ে জুয়েলের বুকে ও কাঁধের নিচে একাধিক আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা চায়না আক্তার বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি চাঁন মিয়া ওরফে রিংকু (২৫), ২ নম্বর আসামি মো. রুবেল (২৮) এবং ৮ নম্বর আসামি মো. সোহেল (৩৮)-কে গ্রেপ্তার করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।