নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। শুনানি শেষে আদালত তার পূর্বের জামিন বহাল রাখার পাশাপাশি পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় তিনি জেলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন। বিষয়টি নিশ্চিন্ত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
হাজিরা শেষে ফেরার পথে তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করেছি সর্বক্ষণ।
হত্যা, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, আর আজকে আমিই অপরাধী!’
সংক্ষিপ্ত এ মন্তব্যের পর তিনি গাড়িতে উঠে দেওভোগের বাড়ির পথে রওয়ানা হন। এদিন, তার আগমনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীকে গ্রেপ্তারের দিন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় সদর মডেল থানা পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল মঙ্গলবার। এ মামলায় আইভী জামিনে থাকলেও তিনি আদালতের কার্যবিধি অনুযায়ী হাজিরা দিয়েছেন।
গত বছরের ৯ মে হত্যা মামলায় আইভীকে তার নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করা হয়। পরে একে একে ১২টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৪ জুন সব মামলা থেকে তিনি জামিনে মুক্তি পান।