শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে পুলিশী অভিযানে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে টঙ্গীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ। বুধবার বিকেলে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া (৫০), গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী আলমগীর হােসেন (৩০), টঙ্গী পূর্ব থানা যুবলীগের সদস্য মো. সেলিম (৪২) ও ৪২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুজ্জামান মিলন (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথকস্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, টঙ্গীর বিভিন্নস্থানে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে তাদেরকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।