আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি কর্মীর নাম আলাল হোসেন রাজু।
তার বাড়ি মেহেরপুরের গাংনীতে।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা ও মস্কোর কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে এক বাংলাদেশি কর্মী নিহত হওয়ার খবর পাওয়া যায়। তার নাম জাকির হোসেন (পাসপোর্ট নম্বর- A05819631)।
তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। এ নিয়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় সাতজন গুরুতর আহত বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোয় অবস্থিত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আইসিইউতে রয়েছেন।
জানা গেছে, সিনোপেক কোম্পানি সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসাবশেষ পরিষ্কার করে পুনরায় তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করেছে। সেখানে থাকা বাংলাদেশি কর্মীরা সবাই স্বাভাবিক রয়েছেন। দূতাবাস থেকে সার্বক্ষণিক সরাসরি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।
শুক্রবার ৭ জন আহত কর্মীকে দেখতে মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলামের নেতৃত্বে দূতাবাসের কয়েকজন কর্মকর্তা হাসপাতালে যান।
জানা গেছে, ২০২৫ সালে এই কোম্পানিতে প্রায় ২ হাজার ৫০০ জন বাংলাদেশি কর্মীর আগমন ঘটে। বর্তমানে প্রকল্পটি শেষ পর্যায়ে রয়েছে। প্ল্যান্ট-১০ ও প্ল্যান্ট-৪ মিলে প্রায় ১ হাজার ৬০০ কর্মী কর্মরত রয়েছেন।