টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর প্রাক্কালে পূর্ব থানা গেটে ’জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে তিন নারী ও দুইজন পুরুষকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা সবাই ৪৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান মতিনের (৪৫) আত্মীয়-স্বজন।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানার মূলফটকের সামনে।
গ্রেপ্তারকৃতরা হলেন-শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও মো. হারুন অর রশিদ (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশন ৪৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিউর রহমান মতিনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পূর্ব থানা পুলিশ। থানায় আইনী প্রক্রিয়া শেষে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো জন্য গাড়িতে উঠালে থানার মূলফটকের সামনে দাঁড়িয়ে শারমিন সুলতানা, জহুরা বেগম, শাহিদা, মাহাদী হাসান ও মো. হারুন অর রশিদসহ আরও বেশ কয়েকজন ’জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আসবে-ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এসময় অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মােহাম্মদ মাকছুদুল আলম বলেন, স্লোগান শুনে তাৎক্ষণিক ধাওয়া দিয়ে পাচঁজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা শেষে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।