সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

লাইনে মাদ্রাসাছাত্র উঠায়-বেলুন পড়ায় কিছু সময় বন্ধ ছিল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের লাইনে এক মাদ্রাসাছাত্র উঠে পড়া এবং অন্য স্থানে বৈদ্যুতিক তারের ওপর বেলুন জড়িয়ে পড়ার ঘটনায় পৃথক সময়ে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বিঘ্নিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মেট্রোরেলে পৃথক এ ঘটনা ঘটে।

লাইনে উঠে পড়া ওই মাদ্রাসাছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে এমআরটি পুলিশ। তার নাম মাহমুদুল হাসান মাহদী।
সে হবিগঞ্জের লাখাই থানার বাসিন্দা মো. জুলহাস মিয়ার ছেলে এবং গত ৬ সেপ্টেম্বর সে নিখোঁজ হয়েছিল।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন জানান, সোমবার দুপুর ১টার কিছু আগে উত্তরা-উত্তর স্টেশন সংলগ্ন ভায়াডাক্টে ওই মাদ্রাসাছাত্র উঠে পড়ে।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তার স্বার্থে আনুমানিক পাঁচ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ওই সময় কোনো ট্রেন না থাকায় এবং তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

তিনি আরও জানান, মাদ্রাসাছাত্রকে উদ্ধারের পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

অনুসন্ধানে জানা যায়, মাহদী মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় চলে এসেছিল। তার বাবা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজ ডায়েরির কপি এবং অভিভাবকের সত্যতা যাচাইয়ের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

এমআরটি পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন ধরমন্ডল এলাকা থেকে মাহদী নিখোঁজ হয়। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর তার বাবা মো. জুলহাস মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি আবেদন করেছিলেন।

এদিকে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল অংশে মেট্রোরেলের ওপরের বৈদ্যুতিক তারে বেলুন পড়ায় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সময়ের জন্য সেবা ব্যাহত হয়। দুটি ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।