শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, আটক ৯

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে দালালচক্রের ৯ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. নাজমুল সাকিব।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ের ভেতরে দালালবিরোধী অভিযান পরিচালনা করেন।

নাজমুল সাকিব জানান, বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা বিভিন্ন ব্যক্তিকে গাড়িসংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার চেষ্টা করছিল একটি দালালচক্র। বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে এলে পিসি মো. খোরশেদ আলম ও এপিসি মো. আল মিজানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানকালে দালালচক্রের ৯ সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে মো. সুমন শেখ (৪০), মো. রাজন মিয়া (৩৫), মো. মহসিন আহমেদ (৫৭), ইমরান হোসেন (২৫), জামাল হোসেন (৫২) ও মো. সজিব (৩৫) রয়েছেন।

পরে আটক ব্যক্তিদের মিরপুর বিআরটিএ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের কাছে হাজির করা হয়। তিনি সুমন শেখ, রাজন মিয়া ও মহসিন আহমেদকে ৩০ দিন করে, ইমরান হোসেনকে ৬০ দিন এবং জামাল হোসেন ও সজিবকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপর তিনজনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত ছয়জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।