শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হুতিদের লক্ষ্য করে ইয়েমেনের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের মোখা ও দুবাব এলাকায় হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী।-সূত্র : আনাদোলু এজেন্সি।

শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, হামলায় মোখা বন্দরের কাছে এবং মোখা শহরের জাইদ আল-খারজ শপিং মলের আশপাশে হুতিদের বেশ কয়েকটি যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। এতে হুতি মিলিশিয়ার কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

তিনি জানান, মোখায় পানি প্রকল্পের প্রশাসনিক কার্যালয়ের পাশেও কয়েকজন মিলিশিয়া সদস্য নিহত হন। এ ছাড়া মোখা-দুবাব সড়কে শহর থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে একটি পশু কোয়ারেন্টাইন কেন্দ্রে হামলা চালানো হয়।

আল-নুজাইলি আরো বলেন, মোখার উত্তর রিং রোডে এক সামরিক নেতার সাবেক সদর দপ্তরে জড়ো হওয়া মিলিশিয়া সদস্যদের বিরুদ্ধেও অভিযান চালিয়ে তাদের অবস্থান ধ্বংস করা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দীর্ঘ সংঘাতের পর ফের উত্তেজনা :
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা ও দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়া ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনীর প্রায় ১২ বছরের সংঘাতের পর ২০২২ সাল থেকে ইয়েমেনে তুলনামূলকভাবে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

তবে ২০২৩ সালের শেষ দিকে গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর আঞ্চলিক সংঘাতে হুতিদের সম্পৃক্ততা বাড়তে থাকে।
তারা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। এর পাশাপাশি ইয়েমেনে নতুন করে সংঘাত বাড়ায় দেশটিতে পূর্ণমাত্রার যুদ্ধ ফিরে আসার শঙ্কাও তৈরি হয়েছে।