মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ জিলহজ, ১৪৪৭ হিজরি

এক শ্রেণির চার স্কুলছাত্রীকে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজানকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ভুক্তভোগী তিন স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়ে।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান বরিশাল জেলার আগৈলঝাড়ার মৃত আবু তালেব শিকদারের ছেলে।

বুধবার (২৫ জুন) ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শিক্ষক মিজানুর রহমান বিকৃত রুচি সম্পন্ন। তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্কুল বন্ধ থাকাকালীন সময়ে তিনি প্রতি শুক্রবার স্কুলে আর্ট ও কম্পিউটার ক্লাস নিতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে মিজানুর রহমান কৌশলে পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই বান্ধবীকে ঢাকার মোহাম্মদপুরস্থ সাদেক খান রোডের নিজ বাসায় নিয়ে যান। সেখানে তাদের গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন। একই কায়দায় ১১ তারিখে তিনি স্কুল থেকে কৌশলে আরও এক দশম শ্রেণীর ছাত্রীকে ওই একই বাড়িতে নিয়ে যান এবং তাকেও জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ২৩ তারিখেও তিনি একইভাবে দশম শ্রেণীর অপর এক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

সর্বশেষ ঢাকায় নিয়ে যাওয়া ভুক্তভোগী ছাত্রীটি শিক্ষক মিজানুর রহমানের বন্দীশালা থেকে কৌশলে পালিয়ে ২৪ জুন পাগলায় ফিরে আসে এবং তার পরিবারসহ আটক থাকা তিন বান্ধবীর পরিবারের সদস্যদের বিস্তারিত জানায়। পুলিশ বিষয়টি জানতে পেরে পালিয়ে আসা ওই স্কুলছাত্রীকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগী তিন স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ঢাকার আরও একটি থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা রয়েছে।