মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

বিএনপি প্রার্থী শাহজাহানকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়

কক্সবাজার প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ‘ব্যাটালিয়ন-৭১’ পরিচয়ে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে তার বাড়ির ঠিকানায় চিঠির সঙ্গে একটি কাফনের কাপড় পাঠানো হয়। এ ঘটনায় তিনি উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চিঠিতে লেখা হয়েছে, “আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।”

চিঠির নিচে স্বাক্ষর রয়েছে— মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার।

জিডিতে শাহজাহান চৌধুরী উল্লেখ করেছেন, তিনি কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। ইতিপূর্বে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার সকাল ৯টার দিকে উখিয়া ডাক বিভাগের একজন পিয়ন তার বাড়িতে চিঠি পৌঁছে দেন। চিঠি খুলে দেখা যায়, তাকে উদ্দেশ্য করে ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য লেখা রয়েছে এবং চিঠির পেছনে একটি সাদা কাপড়ের টুকরো সংযুক্ত করা হয়েছে, যা কাফনের কাপড় হিসেবে উল্লেখ করা হয়েছে।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, চিঠিতে তার ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির ভাষা ও বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, শাহজাহান চৌধুরী হুমকির ঘটনায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।