বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১ রমজান, ১৪৪৭ হিজরি

নির্বাচন-পরবর্তী ট্রাকচাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে হঠাৎ অস্বাভাবিক হারে ট্রাক চলাচল শুরু হয়েছে। এর প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত তীব্র যানজট বিরাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, নির্বাচনের ছুটি শেষে ট্রাক চলাচল হঠাৎ বেড়ে গেছে। পাশাপাশি মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ অতিমাত্রায় ভাঙা থাকায় ট্রাকগুলো ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সকালে অফিসগামী যানবাহনের চাপের সঙ্গে ভারী ট্রাকের ধীরগতি যুক্ত হওয়ায় কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় দীর্ঘ গাড়ির সারি দেখা যায়। যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে দ্বিগুণ সময় লেগেছে। বিকল্প সড়ক ব্যবহার করেও খুব বেশি স্বস্তি মিলছে না।

ঢাকাগামী যাত্রী সোহেল রানা বলেন, জরুরি কাজে বের হয়ে কাঁচপুর পার হতে গিয়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পর অফিসে পৌঁছাতে পেরেছেন।

আরেক যাত্রী নুসরাত জাহান বলেন, বাসের ভেতরে দীর্ঘ সময় বসে থাকতে ভোগান্তি হয়েছে। গাড়ি যেন নড়ছেই না। এত যানজটে শরীরও খারাপ হয়ে যাচ্ছে।

ট্রাকচালক আব্দুল কুদ্দুস জানান, মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি জায়গা এতটাই ভাঙা যে দ্রুত চালানো সম্ভব নয়। ধীরগতিতে চলতে গিয়ে পেছনে গাড়ির লাইন লেগে যাচ্ছে।

বাসচালক রবিউল ইসলাম বলেন, সকালের ব্যস্ত সময়ে ট্রাকের চাপ বেশি থাকায় গতি একেবারে কমে যায়। যাত্রীরা ক্ষুব্ধ হন, কিন্তু এই অবস্থায় চালকদের করার তেমন কিছু থাকে না।