বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১ রমজান, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান ইরফান সাজ্জাদের

বিনোদন ডেস্ক : নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর শিক্ষাব্যবস্থায় সম্ভাব্য কঠোরতা নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, “বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই!”

সঙ্গে সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের একটি ছবিও যুক্ত করেন তিনি। অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে অভিনেতা লেখেন, “আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। মন্তব্য ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ পুরোনো দিনের কঠিন পরীক্ষাব্যবস্থার প্রসঙ্গ তুলেছেন, আবার কেউ রসিকতার সুরে জানতে চেয়েছেন— সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তবে নাটক দেখবে কে।

সব মিলিয়ে ইরফান সাজ্জাদের এই বার্তা সামাজিক মাধ্যমে নতুন করে শিক্ষাব্যবস্থা ও পড়াশোনা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।