নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে বেপরোয়া গতিতে বাস চালিয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত চালক। উপস্থিত পথচারীরা ধাওয়া দিয়ে তাকে আটক করে ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনাটি ঘটে হানিফ ফ্লাইওভারের নিচে। পরে পুলিশ হৃদয় হোসেন মোল্লা নামে ওই চালককে আটক করে ট্রাফিক ফাঁড়িতে নিয়ে যায়। একই সঙ্গে গুলিস্তান থেকে ভূলতা-গাউছিয়া রুটে চলাচলকারী সময় পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৭-৭৬৩২) জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সময় পরিবহনের বাসটি অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। এতে ছাত্রীর জামা ছিঁড়ে যায়। পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চালককে আটক করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ছাত্রী জানান, তিনি বাস থেকে নেমে হানিফ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির বাসটি তাকে চাপা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। জীবন বাঁচাতে তিনি সড়ক বিভাজকের পাশে সরে দাঁড়ালেও বাসটির ধাক্কায় তার জামা ছিঁড়ে যায়। অন্য পথচারীরা এগিয়ে না এলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, চালককে আটকের পর তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পথচারীদের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা ভুক্তভোগী ছাত্রীর ক্ষতিপূরণ হিসেবে জামা কিনে দেওয়ার প্রস্তাব দেন। তবে ওই ছাত্রী এতে রাজি না হয়ে চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে পুলিশ অভিযুক্ত চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করে এবং বাসটি জব্দ করে।
এ ঘটনায় স্থানীয় যাত্রী ও পথচারীরা বেপরোয়া ও মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এ ধরনের চালকদের কারণে রাজধানীতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।