শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২ রমজান, ১৪৪৭ হিজরি

নাটকের প্রচারণায় রহস্যময় পোস্ট দিলেন অ্যালেন শুভ্র

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অ্যালেন শুভ্র সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের দাওয়াত দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। তার এই আকস্মিক পোস্ট ঘিরে অনুরাগীদের মনে কৌতূহল তৈরি হয়েছে- সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা? তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়।

পুরো বিষয়টি আসলে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এর প্রচারণার অংশ। নাটকে ‘খায়রুল’ চরিত্রে অভিনয় করছেন অ্যালেন শুভ্র, আর তার বিপরীতে ‘নিপা’ চরিত্রে রয়েছেন তাবাসসুম ছোঁয়া। গল্পের প্রয়োজনে খায়রুল ও নিপার বিয়ের আয়োজনকে কেন্দ্র করেই এই অভিনব আমন্ত্রণ জানানো হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অ্যালেন শুভ্র লিখেছেন, “আপনারা সবাই আসবেন খায়রুলের বিয়েতে। আমার বউ কে, সেটা আমি পরে জানাচ্ছি!” নাটকে নিপার সঙ্গে বিয়ের আয়োজন চললেও অভিনেতার এমন রহস্যময় ক্যাপশন দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

পারিবারিক টানাপোড়েন ও সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত এই ধারাবাহিকে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার এবং শিল্পী সরকার অপু।