রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ রমজান, ১৪৪৭ হিজরি

“রক্তস্নাত একুশে : ভাষাশহীদদের স্মরণে জয়ার ভালোবাসার প্রতিজ্ঞা”

বিনোদন ডেস্ক : রক্তস্নাত ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব বীর সন্তানদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে অকাতরে প্রাণ উৎসর্গ করেছিলেন। শোক, অহংকার আর গৌরবের এই দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শহীদ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন।

জয়া আহসান লেখেন, “২১শে ফেব্রুয়ারি। এই দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয়, মাটির খুব গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে, ‘ভাষাকে ভালোবাসো।’”

তিনি আরও লিখেছেন, ভাষা শুধু উচ্চারণ নয়; ভাষা মানে মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। সেই ভাষাকে বাঁচিয়ে রাখতে ১৯৫২ সালের তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। গুলির শব্দের সামনে তারা ভয়কে ছোট করে দেখেছিলেন। কারণ তাদের কাছে বাংলা ছিল শ্বাসের মতো— থামানো যায় না, থামানো উচিতও নয়।

ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জয়া উল্লেখ করেন, “সালাম, বরকত, রফিক, জব্বার— এই নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। তারা শুধু শহীদ নন; তারা আমাদের প্রতিটি ‘মা’ শব্দের ভেতরে লুকিয়ে থাকা সাহস।”

তিনি লিখেছেন, আজ আমরা সহজে বাংলায় লিখি, কথা বলি, মনের কথা প্রকাশ করি। অথচ এই সহজতার পেছনে লুকিয়ে আছে রক্ত, অশ্রু আর অসমাপ্ত স্বপ্ন। “একুশ মানে মাথা নত করে দাঁড়ানো। একুশ মানে ভেতর থেকে শক্ত হয়ে ওঠা। একুশ মানে নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা।”

পোস্টের শেষে জয়া আহসান লিখেছেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, শুধু হৃদয়ে বহন করে যাব চিরকাল।”