সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ রমজান, ১৪৪৭ হিজরি

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের যুগে নানা অ্যাপ আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ট্রাফিক আপডেট—সবই এখন হাতের মুঠোয়। এবার রোজায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি কিংবা তেহারি দেওয়া হবে, সেটিও জানা যাবে একটি অ্যাপের মাধ্যমে।

‘বিরিয়ানি দিবে’ নামের এই অভিনব অ্যাপটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপটিতে রিয়েল টাইমে দেখা যাচ্ছে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা আগেভাগেই আপডেট পেয়ে জানতে পারছেন কোথায় ইফতারে বিরিয়ানি বা তেহারি পাওয়া যাবে।

অ্যাপটি তৈরি করেছেন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স।

প্রতি বছর রোজার মাসে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মজার পোস্ট ও মিম দেখা যায়। সেই ভাবনা থেকেই এই অ্যাপ তৈরি করেন প্রিন্স। বর্তমানে এটি নিয়ে চলছে নানা মন্তব্য ও আলোচনার বন্যা।

অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ লোকেশন অ্যাড করার সুযোগ রয়েছে। যে কেউ চাইলে ভিজিট করে বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে। ফলে অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পারবেন কোথায় আজ কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। আপনার এলাকার মসজিদে যদি আজ বিরিয়ানি বা তেহারি দেওয়া হয়, সেটিও আপনি অ্যাপে আপডেট করতে পারবেন।