টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় কল্যানময় দেবনাথ (৪৬) নামে এক গ্রামীণ ফোন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কাভার্ড ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদনগর শালিকচুড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত কল্যাণময় দেবনাথ বাগেরহাট জেলার ফকির হাট থানার সাইটতলা গ্রামের অমূল্য দেবনাথের ছেলে। তিনি গ্রামীণ ফোনের হেড অফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আটক গাড়ি চালকের নাম ওমর আলী (৫৭)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাওইখোলা গ্রামের মৃত রয়াত আলীর ছেলে।
পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী কভার্ডভ্যান টঙ্গীর এরশাদনগর শালিকচুড়া এলাকা অতিক্রম করার সময় অসতর্কতাবশত: গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন কল্যানময় দেবনাথ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে চালককে আটক ও ঘাতক কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।