রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ রমজান, ১৪৪৭ হিজরি

চাঁদপুরে ৩টি বাসে আগুন 

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আগুনে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী জৈনপুর পরিবহনের একটি বাসে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই একটি বাসে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পাশের আরও দু’টি বাসে ছড়িয়ে পড়ে। আগুনে একটি বাস সম্পূণরুর্পে পুড়ে যায় এবং অপর দু’টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে, আগুনে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মতলব দক্ষিণ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ বাসস’কে বলেছেন, জৈনপুর বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।