বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ রমজান, ১৪৪৭ হিজরি

মারা গেল চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক–এর ভেতরে চন্দ্রনাথ মন্দির সড়ক সংলগ্ন দুর্গম পাহাড়ি পথের ধারে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সহস্রধারা ঝরনা এলাকা থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা প্রথমে শিশুটিকে দেখতে পান। তারা নিজেদের পরনের কাপড় দিয়ে তার গলার রক্তপাত বন্ধের চেষ্টা করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতেই শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। পরদিন তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির চাচা মো. রমিজ জানান, তাদের বাড়ি ও শিশুটির বাবার বাড়ির মধ্যে প্রায় আধা কিলোমিটার দূরত্ব। রোববার সকালে ইরা ঘর থেকে বের হয়েছিল। ধারণা করা হচ্ছে, সে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। তবে কীভাবে সে দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছায়, তা পরিবার জানে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাচেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সীতাকুণ্ড থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।