মুক্তবাণী অনলাইন : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার একটি স্যাটেলাইট ছবিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে বোমা হামলার আগের ও পরের দৃশ্য বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি ভুয়া বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, খামেনির বাসভবনে হামলার আগে ও পরের অবস্থা সেখানে দেখানো হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে ব্যবহৃত স্যাটেলাইট ইমেজটি গত জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-এর ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার দৃশ্য।
ওই হামলার মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে আটক করে যুক্তরাষ্ট্র।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ইস্যুতে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে।
ফ্যাক্টওয়াচ নিয়মিত এসব বিষয় যাচাই করে সঠিক তথ্য প্রকাশ করছে এবং গুজব প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে।