বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভ থামছেই না। এবার আলভী ও তার কথিত প্রেমিকা ইফফাত আরা তিথিকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী মানসী প্রকৃতি।
সোমবার (২ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে এক ফেসবুক ভিডিও বার্তায় তিনি এই জুটির বিরুদ্ধে নানা প্রশ্ন তোলেন। এরপর সমালোচকদের একহাত নিয়ে মঙ্গলবার (৩ মার্চ) রাত ১২টা ৩৮ মিনিটে ফেসবুকে একটি কড়া স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুক পোস্টে মানসী প্রকৃতি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, “লুইচ্চা বেটি আর লুইচ্চা বেটাকে নিয়ে কথা বলাতে যে সোনামণিদের ফাটছে, তারা একেকটা নর-নারী খোর।” এত দিন কেন এসব নিয়ে কথা বলেননি—নেটিজেনদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যেখানে বলার দরকার ছিল, সেখানে তিনি বলেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় সরাসরি না আসায় সাধারণ মানুষ তা শোনেনি।
ইকরার আত্মহত্যা নিয়ে যারা মন্তব্য করছেন, তাদেরও কড়া জবাব দিয়েছেন মানসী। তিনি বলেন, কষ্ট পেয়ে একজন মানুষের মস্তিষ্ক কোন পর্যায়ে গেলে সে নিজের প্রাণ দিতে পারে, তা এত সহজ নয়। এর জন্য অনেক সাহসের দরকার হয়, যা সবাই পারে না। ইকরা শিক্ষিত মানুষ হয়েও আত্মহত্যার মতো পাপ কেন করলেন—এমন প্রশ্নের জবাবে মানসী বলেন, ইকরা যে ভুল করেছেন তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দেওয়া উচিত, কারণ তিনি আর আমাদের মাঝে নেই। বরং যারা বেঁচে আছে, তাদের বিষয়ে কী করা যায়, সেটাই ভাবা দরকার।
মানসী প্রকৃতির এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার অবস্থানের প্রশংসা করছেন এবং ইকরার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি তুলছেন।