নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সময়কার তার ব্যক্তিগত অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণ ও যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তের বর্ণনা তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও সাধারণ জনগণের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য তিনি ভারত সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে বাংলাদেশ আগ্রহী।
ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ভারতের কূটনীতির অন্যতম ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক বিশ্বাস। তিনি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।