বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ রমজান, ১৪৪৭ হিজরি

ডলি সায়ন্তনীর পরকীয়ায় ডিভোর্স, মুখ বন্ধ রবি চৌধুরী

রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে এক পডকাস্টে সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর সঙ্গে বিচ্ছেদের কারণ প্রকাশ করে আলোচনায় আসেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। সেখানে তিনি দাবি করেন, তার অজান্তে ডলি এক কোরিয়া প্রবাসী গাড়িচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি জানার পরই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

রবি চৌধুরীর এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ফেসবুকে তার বক্তব্যের ভিডিও ও উদ্ধৃতি দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন এই গায়ক। কেউ তার সাহসী স্বীকারোক্তিকে সমর্থন করেছেন, আবার কেউ ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনার সমালোচনা করেছেন।

তবে বিতর্ক বাড়তে থাকায় কিছুটা বিরক্ত ও ক্ষুব্ধ রবি চৌধুরী। বিভ্রান্তিকর উপস্থাপনা এড়াতে তিনি আপাতত ইন্টারভিউ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “ফেসবুকে কিছুদিনের জন্য ইন্টারভিউ থেকে বিরত থাকতে চাই, কারণ বলি একটা লিখে আরেকটা, ভালো থাকবেন সবাই।”

তার এই স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, গণমাধ্যমে তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত চর্চাই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের একটি মন্তব্য থেকেই রবি চৌধুরীর জীবনে বড় বিতর্ক তৈরি হয়েছে। তবে এ নিয়ে গায়িকা ডলি সায়ন্তনীকে মুখ খুলতে দেখা যায়নি।