নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলার রায় আজ হচ্ছে না। গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
বুধবার (৪ মার্চ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন নতুন তথ্যপ্রমাণ দাখিলের আবেদন জমা দেয়। এতে রায় ঘোষণার দিন পুনর্নির্ধারণের অনুরোধ করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রামপুরায় হোটেলে কাজ শেষে ফুফুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বনশ্রী-মেরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ-বিজিবির গাড়ি দেখে ভয়ে তিনি একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠেন।
ওই সময় পুলিশও তার পিছু নেয়। একপর্যায়ে জীবন বাঁচাতে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন আমির। কিন্তু এরপরও রক্ষা পাননি তিনি; পুলিশ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি তিন তলায় পড়ে যান। তার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে বনশ্রীর একটি হাসপাতালে নিয়ে যান। ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।
একই দিন রামপুরায় ঘটনাস্থলের সামনে আরও দুজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় এই মামলায়।