নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।’
তিনি আরও জানান, শুধু এলডিইডির পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও তার অধীন প্রতিষ্ঠান ও সংস্থার এ ধরনের পরিত্যক্ত ভবন বা বিল্ডিং ক্লিনিক ও স্বাস্থ্যসেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ বিষয়ে মন্ত্রণালয়কে তিনি নির্দেশনা দিয়েছেন।