শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

তেল কিনতে গিয়ে পাম্পকর্মীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাক-বিতণ্ডার জেরে পাম্পকর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন কর্মীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে বোতলে তেল নিতে আসেন নিরব আহমেদ। পাম্পকর্মীরা তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর তিনি আবারও পাম্পে আসেন এবং অন্য একজনকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করেন। এ সময় কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ঝিনাইদহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে। ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে জনতা ভাঙচুর চালায়।

নিহতের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, “আমার ভাই মোটরসাইকেলের তেল নিতে গিয়ে সামান্য কথা কাটাকাটি করে। কিন্তু পাম্পকর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।”

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, “নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে এসে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা তাকে পিটিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় তিন কর্মীকে আটক করা হয়েছে এবং পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”