বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২ রমজান, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতি ভাষণের শুরুতেই বিরোধীদের হট্টগোল, ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের জোটসঙ্গীরা। আজ বৃহস্পতিবার সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তাঁর ভাষণ প্রদানের জন্য আহ্বান জানালে হট্টগোল শুরু করেন তাঁরা। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে সংসদকক্ষ ত্যাগ করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

প্রথম দিনই অধিবেশনের কক্ষ সরগরম হয়ে উঠতে পারে গত কয়েক দিন ধরে এমন আভাস পাওয়া যাচ্ছিল।

আজ দেখা যায়, রাষ্ট্রপতির ভাষণের ঘোষণার পরই সরগরম হয়ে ওঠে সংসদ।

প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। এ নিয়ে ঘোরতর আপত্তি জানিয়ে আসছিল বিরোধী দল। তাঁর অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।

এর আগে জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন সভাপতি। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হন। এরপরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মেজর হাফিজ।

এরপর ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। একই প্রক্রিয়ায় সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তাঁর নাম প্রস্তাব করলে তিনিও সংসদ সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় তাঁর সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।

গত ১২ ফেব্রুয়ারি সংসদের ২৯৯ আসনে নির্বাচন হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসন ছাড়া ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২, জামায়াত জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং ইসলামী আন্দোলন একটি আসনে বিজয়ী হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন।

বর্তমান ২৯৬ জন সংসদ সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ ২১৯ জনই প্রথমবারের মতো সংসদে এসেছেন। তাঁদের মধ্যে বিএনপির ১৪২ জন, জামায়াতের ৬১, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিসের ২, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনের একজন করে এমপি প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। বাকিরা স্বতন্ত্র সংসদ সদস্য।