বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ রমজান, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে উল্টোপথে প্রাইভেটকারকে যেতে বাঁধা দেওয়ায় পুলিশের তিন সদস্যকে পিটিয়ে আহত করেছেন কয়েকজন যুবক। মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন-ট্রাফিক সার্জেন্ট  শাহজালাল হোসাইন, ইমরান তালুকদার ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

‎এ ঘটনায় রাতেই পুলিশ কাজী শাহীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করলেও অন্যান্যরা পালিয়ে যায়। কাজী শাহীন টঙ্গীর গাজীপুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।

‎বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে কাজী লাবিব (২৩), পিয়াস (২৪), কাজী শাহীন (২৫), ইব্রাহিম (২২), নিলয় (২০), মেহেদি (২১), সাইফুল (২৪), নিরবসহ (২৫) নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১-২ জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা একটি মামলা দায়ের করেন।

‎এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।