টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-জামান মন্ডল (৩০), মোঃ হাবিবুল্লাহ (২৪) ও তামিম খান(২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম প্রায় এক মাস আগে ঢাকার মিরপুর-১ এলাকায় তার পিতার বাসায় বেড়াতে যান। সেখানে পাশের বাসার ভাড়াটিয়া তামিম খানের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত (২৪ মার্চ) মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তামিম তাকে টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকায় একটি ভাড়া বাসার ফাঁকা কক্ষে নিয়ে আসে।
পরে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তামিমের সহযোগী জামান মন্ডল ও হাবিবুল্লাহ ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে তারা তামিমের সহযোগিতায় ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। রাত প্রায় ৪টা পর্যন্ত এপাশবিক নির্যাতনের পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ভিকটিম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি সহায়তায় অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামীদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।