সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাওয়াল, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

মুক্তবাণী রিপোর্ট : স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে আমরা কাজ করছি। আমরা কেউ যদি যুদ্ধে না যাই, তবে কে দেশটা স্বাধীন করবে? আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে কার ওপর আগামী প্রজন্মকে রেখে যাব?

রোববার (২৯ মার্চ) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মার তিন দিনব্যাপী এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গেল ৮ বছর হামের টিকা দেয়নি বিগত সরকার। এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর চারটিই রাজশাহীতে পাঠানো হবে। একই সঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এমপি ডা. এমএ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামিম হায়দারসহ অন্যরা।