বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন সশরীরে, তিন দিন অনলাইনে ক্লাস

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করানোর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সপ্তাহে ছয় দিন ক্লাস নেয়া হবে- এর মধ্যে শনিবার, সোমবার ও বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে পাঠদান হবে। শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় সরকার। এভাবে সপ্তাহের তিন দিন অফলাইনে এবং তিন দিন অনলাইনে ক্লাস চালু থাকলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠে যুক্ত থাকবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষতা অর্জন করবে।