রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি

ক্লাব ফুটবলে ফিরছেন জাপানীজ কিংবদন্তী হোন্ডা

স্পোর্টস ডেস্ক : জাপানের সাবেক তারকা কেইসুকে হোন্ডা ৩৯ বছর বয়সে আবারও ক্লাব ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে সিঙ্গাপুরের শীর্ষ লিগের ক্লাব এফসি জুরংয়ের সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন হোন্ডা। 

তিনটি ফিফা বিশ্বকাপে জাপানকে প্রতিনিধিত্ব করেছেন হোন্ডা। জাতীয় দলের হয়ে খেলেছেন ৯০টিরও বেশী আন্তর্জাতিক ম্যাচ। ২০১১ সালে এফসি এশিয়ান কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ঐ আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। ২০১৮ বিশ্বকাপ থেকে জাপানের বিদায়ের পর হোন্ডা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। 

কিন্তু বিশ্বজুড়ে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে গেছেন। সর্বশেষ তিনি ২০২৪ সালে ভুটানের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব পারো এফসির হয়ে খেলেছেন। 

শুক্রবার জুরংয়ের পক্ষ থেকে হোন্ডার চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই চুক্তিটি কেবল একজন খেলোয়াড়কে দলে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি ক্লাবের জন্য যৌথভাবে নতুন মূল্য সৃষ্টি করা এবং সামগ্রিকভাবে সিঙ্গাপুরের ফুটবল সম্প্রদায়ের আরও উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে করা হয়েছে।’

এর আগে সিঙ্গাপুরের লিগে ইতালির এসি মিলান, মেক্সিকোর পাচুয়া ও ব্রাজিলের বোটাফোগোর খেলোয়াড় খেলেছেন। 

হোন্ডা এক বিবৃতিতে বলেছেন, ‘এ বছর আমি ৪০ বছরে পা দিতে যাচ্ছি। বেশ কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জ আমার সামনে অপেক্ষা করছে, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশী শীর্ষ লিগে গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো। যদিও আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে এই লিগে আমার ক্লাবকে শিরোপা উপহার দেয়া। এই লিগে দুটি বেশ শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে। যে কারনে লিগ শিরোপা জয় বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমি এই লক্ষ্য পূরণে বদ্ধপরিকর।’

ছয়বারের সিঙ্গাপুর প্রিমিয়ার লিগ বিজয়ী এফসি জুরং বর্তমানে লায়ন সিটি সেইলরস ও টামপাইন্স রোভার্সেও পরে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।