মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাকিব এবার সংবাদমাধ্যমে, দিলেন চমকপ্রদ আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার পদার্পণ করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক আঙিনায়। ব্যাট-বল হাতে বিশ্বকে মুগ্ধ করার পর এবার তিনি আসছেন সংবাদমাধ্যমে। তাঁর নতুন উদ্যোগের নাম ‘বিয়ন্ড বাংলা’- একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে থাকবে খবর, বিশ্লেষণ ও বৈশ্বিক কনটেন্টের বিস্তৃত দুনিয়া।

সাকিব আল হাসান এবার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করছেন। তাঁর উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে ডিজিটাল সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’। দেশীয় গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক প্রেক্ষাপটের নানা বিষয়, সমসাময়িক ঘটনা ও হালনাগাদ ট্রেন্ড তুলে ধরার পরিকল্পনা রয়েছে এই প্ল্যাটফর্মে। তথ্যপ্রবাহের এই মহাসড়কে ভিন্নধর্মী ও রুচিশীল কনটেন্টের মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করাই সাকিবের লক্ষ্য।

এই উদ্যোগে সাকিব একা নন। তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি ও সাংবাদিক জুলফিকার রাসেল। তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংগীত ও সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর; বাংলা ট্রিবিউনের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গণমাধ্যমকে সাকিব বলেন, “আমার কাছে মনে হয়, খবরগুলো নানাভাবেই উপস্থাপিত হয়। অনেক সময় সঠিক খবরটা পৌঁছায় না। সঠিক নিউজটা যেন মানুষের কাছে পৌঁছায়, সেই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেরকমই একটা চিন্তা বলতে পারেন।”

সাকিব ও জুলফিকার রাসেলের এক অনানুষ্ঠানিক আড্ডা থেকেই এই উদ্যোগের সূচনা। জুলফিকার রাসেল বলেন, “আড্ডাতেই একদিন আলোচনা হয়। এমন উদ্যোগে সাকিবকে অনেক বেশি ইতিবাচক মনে হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের পার্টনারশিপ হতে যাচ্ছে।”

খেলাধুলার জন্যও থাকবে বিশেষ আয়োজন। সাকিব বলেন, “অবশ্যই স্পোর্টস থাকবে। খেলাধুলার খুঁটিনাটি সবকিছুই আমাদের প্ল্যাটফর্মে থাকবে।”

ইতোমধ্যে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটের কাঠামো প্রায় চূড়ান্ত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে পরীক্ষামূলক সম্প্রচার বা ‘টেস্ট রান’। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই কনটেন্ট প্রকাশের লক্ষ্য রয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য কনটেন্ট প্রকাশ করা হবে। মূল অফিস যুক্তরাষ্ট্রে, আর বাংলাদেশে থাকবে ব্যুরো অফিস।