মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু নিশ্চিত হামে আক্রান্ত ছিল, আর বাকি পাঁচজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে ৮২ জনের হাম শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে দেশে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া দুই শিশু ঢাকা বিভাগের। আর হামের উপসর্গে মৃত্যু হওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহীর। এ সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহীতে শনাক্ত হয়েছে চারজন এবং চট্টগ্রামে দুইজন। অন্য বিভাগগুলোতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।