মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় মাদ্রাসা কক্ষে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে সিব্বির আহমেদ হাসান নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুরঘাট রোডে টিএনটি অফিস সংলগ্ন তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিব্বির আহমেদ হাসান হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার এহেসান সিদ্দির ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং আবাসিক কক্ষেই বসবাস করতেন।

নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যান তার স্বামী। সকালে পাশের কক্ষে গিয়ে তিনি স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের জানালে পুলিশে খবর দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি সুরতাহল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আপাতত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা বেরিয়ে আসবে।