মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী দলের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী ইউনিট। সুসজ্জিত ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি শোভাযাত্রায় আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রার একেবারে সামনের সারিতেই অংশ নেয় অশ্বারোহী দল।

অশ্বারোহী দলের নেতৃত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এবারের শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী ইউনিটের ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে। প্রতিটি ঘোড়া বিশেষভাবে প্রশিক্ষিত এবং বড় আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব ঘোড়া মূলত ‘থ্রোব্রেড রাইডিং হর্স’, যেগুলো তাদের গতিশীলতা, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত।

শোভাযাত্রায় অংশ নিতে আসা অনেকেই অশ্বারোহী দলকে কাছ থেকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন। কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘোড়াগুলোর কাছে যাওয়ার চেষ্টা করেন।

এর আগে সকাল ৯টায় ঢোল-বাদ্যের তালে ও রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে শুরু হয় বাংলা নববর্ষের বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি প্রধান মোটিফ—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। প্রতিটি মোটিফে প্রতিফলিত হয়েছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুষঙ্গ।

শোভাযাত্রায় অংশ নিয়েছে ২০০ জন শিক্ষার্থী, যারা বহন করছে জাতীয় পতাকা। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।