মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের সরকারের লক্ষ্য

টাঙ্গাইল প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। কৃষক, দেশের মা-বোন, মসজিদের ইমাম-খতিবসহ সকল শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করবে এই সরকার। আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন। সে কারণেই আমরা বলি—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। বাংলাদেশের ৪ কোটি পরিবারে কেউ না কেউ কৃষির সঙ্গে যুক্ত। কৃষক যদি সচ্ছল থাকে, ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে।

তিনি জানান, প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষককে কৃষক কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে। নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষকদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের পর প্রথম সপ্তাহেই কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যা প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত ছিল।

আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত পানি ধরে রাখার মাধ্যমে বন্যা মোকাবিলা ও কৃষি উৎপাদন বাড়ানো হবে। নারীদের স্বাবলম্বী করা এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে সেই কাজের পাইলট প্রকল্প শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে নারী প্রধান পরিবারের কাছে এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।