শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের বাসায় গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে প্রায় এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরে দু’টি গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ মনজুর আলমের বাসায় পৌঁছালে খবর ছড়িয়ে পড়ে। এরপর বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মূল ফটক ঘিরে বিক্ষোভ শুরু করেন। তারা তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং স্লোগান দেন—‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান।‘

অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা জানতে চান, কেন তিনি স্বৈরাচারের সহযোগী হিসেবে অভিযুক্ত ব্যক্তির সাথে বৈঠক করতে এসেছেন এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় তার উপস্থিতির উদ্দেশ্য কী।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। পরে হাসনাত আবদুল্লাহ বাইরে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পুলিশের উপস্থিতিতে দ্রুত স্থান ত্যাগ করেন।

মনজুর আলমের রাজনৈতিক জীবন শুরু হয় আওয়ামী লীগের মাধ্যমে। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন এবং টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হন। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হলে তিনি প্রায় দুই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

২০১০ সালের চসিক নির্বাচনে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন এবং বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

তবে ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট বর্জন করেন এবং রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। যদিও পরবর্তীতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।

সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর তিনি কখনো বিএনপি আবার কখনো এনসিপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।