শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই আজ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। গরমের অনুভূতিও আগের দিনের মতোই তীব্র থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সংস্থাটি জানায়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

অন্যদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।