আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান আস্থার সংকট ‘এক রাতে’ দূর হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে আগ্রহী- সেটিকে তিনি ‘খুব ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন।
গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ আয়োজিত এক অনুষ্ঠানে ভ্যান্স বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সংকট গভীর। এর সমাধান এক দিনে সম্ভব নয়। তবে তারা যে আমাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে চাইছে, সেটি ইতিবাচক এবং বর্তমান অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।”
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ ফেব্রুয়ারি থেকে দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায়।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির দিকে নিয়ে যেতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
বৈঠকের মূল লক্ষ্য ছিল একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর। তবে টানা ২২ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।