নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনা করা জরুরি। এ কারণে মন্ত্রণালয় ও বিভাগ থেকে আয়োজিত সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের অংশগ্রহণ ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে।
বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহার করতে হবে, যাতে যানবাহনের জ্বালানি সাশ্রয় করা যায়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।