শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

দুই দিনের মধ্যেই হতে পারে শান্তি আলোচনা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা দুই দিনের মধ্যেই পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যেই আলোচনার নতুন দফা শুরু হতে পারে। মূলত হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় গত সপ্তাহে ইসলামাবাদের বৈঠক ভেস্তে যায়।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেন, কয়েক দশকের পুরনো আস্থাহীনতা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে তিনি বিশ্বাস করেন, ইরানি প্রতিনিধিরা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

ভ্যান্স আবারও পুনর্ব্যক্ত করেন, ট্রাম্প প্রশাসনের নীতি অনুযায়ী ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এই লক্ষ্য অর্জনেই বর্তমানে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

গত সপ্তাহে পাকিস্তানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বলে দাবি করেছিলেন মার্কিন কর্মকর্তারা। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার সময়সীমা এবং নৌ-অবরোধ তুলে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষ একমত হতে পারেনি। ট্রাম্পের নতুন বার্তার পর এখন সবার নজর পরবর্তী দফার আলোচনার দিকে।

সূত্র : বিবিসি