নিজস্ব প্রতিবেদক : গত এক মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং উপসর্গজনিত কারণে মৃত্যু হয়েছে ১৬৬ জন শিশুর। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু এবং শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জন।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এ পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১ জনের। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এখানে হাম ও হাম সন্দেহে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ শিশু এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের। অন্যদিকে রংপুর বিভাগে আক্রান্ত হয়েছে ৬৪৪ শিশু, তবে সেখানে গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।