বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এখন কাটাচ্ছেন এক ভিন্ন অভিজ্ঞতার সময়। গত বছর কিয়ারা আদভানি ও সিদ্ধার্থের ঘরে প্রথম সন্তানের আগমনের পর থেকেই বিটাউনে বইছে আনন্দের হাওয়া। এবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছেন আদর্শ ‘গার্ল ড্যাড’ হিসেবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা সিদ্ধার্থের চুলে লাগানো একটি ছোট্ট সাদা বো-ক্লিপ।

ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, “আমি যে একজন মেয়ের বাবা, সেটা না বলেও কীভাবে বলা যায় দেখুন।”
ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ তাকে ‘সার্টিফায়েড গার্ল ড্যাড’ খেতাব দিয়েছেন, আবার কেউ ডাকছেন ‘অফিশিয়াল পুকি মালহোত্রা’ নামে।
অনেকেই রসিকতা করে বলছেন, অভিনেতার নতুন হেয়ার স্টাইলের কৃতিত্ব তার ছোট্ট মেয়ে সারায়াহ্-র।
সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে সিদ্ধার্থ বলেন, মালহোত্রা পরিবারের আসল ‘সুপারস্টার’ এখন তার মেয়ে সারায়াহ্। নিজের ‘হিরো’ ইমেজ নিয়ে ঠাট্টা করে তিনি বলেন, “আমি জীবনে এমন একজনের কাছে তর্কে হেরে গেছি, যে এখনও কথা বলতেই শেখেনি! আমি বুঝে গিয়েছি, বাড়িতে এখন আর আমি হিরো নই। বাড়ির আসল হিরোইন তো আমার মেয়েই।”